বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দাম না বাড়িয়ে ইন্টারনেট গতিতে চমক বিটিসিএলের


প্রকাশ :

ডিজিটাল সেবার মান বাড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গ্রাহকদের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আপগ্রেড ঘোষণায় জানানো হয়, ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজটি এখন ২০ এমবিপিএস গতির ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। ৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজটি উন্নীত হয়ে হয়েছে ২৫ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২৫’। একই মূল্যে ক্যাম্পাসের ১৫ এমবিপিএস প্যাকেজে এখন মিলবে ৫০ এমবিপিএস গতি।

এছাড়া ৮০০ টাকার ১৫ এমবিপিএস প্যাকেজটি ৫০ এমবিপিএস, ১০৫০ টাকার ২০ এমবিপিএস প্যাকেজটি ১০০ এমবিপিএস এবং ১১৫০ টাকার ২৫ এমবিপিএস প্যাকেজটি এখন ১২০ এমবিপিএস গতিতে সেবা দেবে।

উচ্চগতির প্যাকেজগুলোর ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। ১৩০০ টাকার ৩০ এমবিপিএস প্যাকেজটি এখন ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকার ৪০ এমবিপিএস প্যাকেজটি ১৫০ এমবিপিএস এবং ১৭০০ টাকার ৫০ এমবিপিএস প্যাকেজে মিলবে ১৭০ এমবিপিএস গতির ইন্টারনেট।

এই সিদ্ধান্তের ফলে বিটিসিএল গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সেবা পাবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ স্মার্ট সেবা ব্যবহারে বাড়তি সুবিধা মিলবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, গ্রাহক সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এমন গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।