বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফ-এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বিজিবির সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রনি মিয়া জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন অর রশিদের ছেলে। বর্তমানে রনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দইখাওয়া বিওপির একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল চলাকালে হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েকজন লোককে দৌড়াদৌড়ি করতে দেখা যায় এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় বিজিবি আহত রনি মিয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিজিবি আরও জানায়, এর আগেও গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে রনি আহত হয়েছিলেন। ওই ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী তার বাড়িতে গেলে প্রথমে পরিবারের পক্ষ থেকে তার উপস্থিতি অস্বীকার করা হয়। আহত রনি ওই সীমান্ত এলাকায় মাদক বহন ও চোরাচালানের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি ঘটনা বুঝতে পেরে গুলিবিদ্ধ বাংলাদেশীর প্রাণ রক্ষার জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করে। পরে অ্যাম্বুলেন্স যোগে স্থানীয়দের সহায়তায় রংপুরে নেওয়া হয় ওই ব্যক্তিকে। এর আগেও একই ব্যক্তি সীমান্তে গুলিবিদ্ধ হয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক। এ ব্যাপারে সকলকে সচেতন হতে হবে।