বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইরানে সরকারবিরোধী আন্দোলনে উত্তেজনা চরমে: নিহত ৩৫


প্রকাশ :

ইরানে টানা নয় দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশজুড়ে সহিংসতা ক্রমেই তীব্র আকার নিচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে

মঙ্গলবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, বিক্ষোভ দমনে কঠোর অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত এক হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৯ জন আন্দোলনকারী, চারজন শিশু এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য রয়েছেন। ইরানের ভেতরে থাকা মানবাধিকার কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে, যা অতীতেও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

এইচআরএএনএ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আজনা, মারভদাশত ও কোরভেহ শহরে অন্তত সাতজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অন্তত ৬৪ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিয়ন্ত্রণমূলক অস্ত্র ব্যবহারের ফলে আহত বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, চলমান সংঘাতে নিরাপত্তা বাহিনীরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের তথ্যমতে, প্রায় ২৫০ জন পুলিশ সদস্য এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কঠোর পদক্ষেপ নেওয়ার অভিযোগের মধ্যেই দেশটির অন্তত ৮৮টি শহরের ২৫৭টির বেশি স্থানে বিক্ষোভ ও শ্রমিক ধর্মঘট অব্যাহত রয়েছে।

ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এখন পর্যন্ত ২১ জনের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে। পাশাপাশি ১৭টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিক্ষোভ চলছে। বোজনুর্দ, কাজভিন, ইস্পাহান ও তেহরানসহ বিভিন্ন শহর থেকে শত শত শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।

ইন্টারনেট সংযোগে ব্যাপক বিঘ্ন এবং কঠোর নিরাপত্তা বিধিনিষেধের কারণে হতাহত ও গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়েও বেশি হতে পারে।

সূত্র: ফার্স নিউজ