সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শহরের নাজমুল চত্বর চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহত রিয়াদ সিরাজগঞ্জ শহরের সয়া ধানগড়া (খাঁনপাড়া) মহল্লার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ বিভিন্ন দিক থেকে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দ্রুত সরে পড়ে।
সোমবার সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার জানান, রোববার বিকেলে হামলার ঘটনায় রিয়াদ গুরুতর আহত হন এবং পরে রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।