বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কর্মচারীর মৃত্যু


প্রকাশ :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় আগুনে আটকা পড়ে সাব্বির (১৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাব্বির উপজেলার শালদহ গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশা চালক আরিফুর রহমানের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, বাজারের জয়নাল আবেদীনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে খাদ্য গুদাম, মুদি দোকান, ওষুধের দোকান, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠান পুড়ে যায়।

ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গ্যাস সিলিন্ডারের দোকানের পেছনে কাজ করছিল সাব্বির। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সে বের হতে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আগুনে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একইভাবে আরও অন্তত পাঁচজন ব্যবসায়ী সবকিছু হারিয়েছেন।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিক হিসেবে আগুনে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।