কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম ‘দ্য আটলান্টিক ক্রুজ’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সী ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো পর্যটক তোলার উদ্দেশ্যে সকালে ঘাটে আসার সময় হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পর্যটকদের জাহাজে ওঠা তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নির্বাপণের কাজ চলমান রয়েছে। জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, আগুন লাগার সময় কোনো পর্যটক জাহাজে ওঠেননি। যাত্রী বোঝাইয়ের পর মাঝসমুদ্রে এমন ঘটনা ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সে দিক থেকে বড় বিপর্যয় এড়ানো গেছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।