রংপুর তিস্তা সেচ ক্যানেল থেকে জাবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ্দ বিলাইচণ্ডী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জাবেদ আলী নীলফামারী জেলার সৈয়দপুর পীরপাড়া গ্রামের বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন।
তিনি পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বলেন, জাবেদ আলী দীর্ঘদিন ধরে মাছ ও পাখি শিকার করে সংসার চালাতেন। মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে তার মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গিয়ে আর রাতে বাড়ি ফিরেননি। বুধবার সকালে স্থানীরা খবর দিলে পুলিশ ডালিয়া সেচ ক্যানেলের পাশ থেকে জাবেদ আলী গলাকাটা মরদেহ উদ্ধার করে।
জাবেদ আলীর স্ত্রী উম্মে কুলসুম বলেন, রাত ১২টার দিকে তিনি চা মুড়ি খাচ্ছিলেন। এমন সময় একটা কল আসে। এরপর উনি (জাবেদ) বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ি আসেনি। মনে করছিলাম পাখি শিকারে গেছে। সকালে শুনি গলাকেটে তাকে মেরে ফেলা হয়েছে। আমার স্বামীর শত্রু নাই, উনাকে কারা মারল। আমি তাঁর বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রহস্যজনক ফোনকলসহ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।