টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুজন কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। তারা হলেন আবির (১৬) ও লিখন (১৬)। অপরজন সাব্বির আহমেদ (১৯), যিনি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন।
আবির কালিদাস পানাউল্লাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, লিখন কালিদাস বল্লাচালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং সাব্বির আহমেদ কালিদাস ফুলঝুড়িপাড়া গ্রামের আবদুর রউফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আবির ও লিখন মোটরসাইকেলে বের হন। বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনই গুরুতর আহত হন।
পরে আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় লিখন ও সাব্বির আহমেদকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকায় নেওয়ার পথে তারা মারা যান।
নিহত আবিরের নানা এছাক মিয়া এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন।