খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নেতা মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। পোস্টে তিনি জানান, মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।