বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ কনস্টেবল আটক


প্রকাশ :

বাংলাদেশ–ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনাটি ঘটে রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্ত এলাকায়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস–সংলগ্ন ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কোচবিহার–১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের একটি টহল দল। এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ (বডি নম্বর ২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৫০ থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

বিষয়টি বুঝতে পেরে আঙ্গরপোতা বিওপিতে দায়িত্বে থাকা বিজিবির টহল দল ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দহগ্রাম ফাঁড়ির ইনচার্জ তাজিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে বিএসএফ সদস্য অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটক করার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে।

রংপুর–৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সেলিম আল দীন বলেন, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে। তিনি জানান, নিয়ম অনুযায়ী তিনবিঘা করিডোর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আটকের পর উভয় পক্ষের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং স্থানীয় পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তে অনুপ্রবেশ বা সীমা লঙ্ঘনের ঘটনায় আন্তর্জাতিক নিয়ম ও প্রটোকল অনুসরণ করেই ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান ঘটনাতেও সেই নীতিমালা অনুযায়ী সমন্বয়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হবে।