বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ


প্রকাশ :

দেশের মার্শাল আর্ট অঙ্গনে আরেকটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো “দ্বিতীয় আইটিএফ তায়কোয়নদো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৫ আয়োজনের মাধ্যমে। ১৫ ডিসেম্বর রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, আজিজ সড়ক, নর্দ্দা ক্যাম্পাস প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খল, সফল ও উৎসবমুখর পরিবেশে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫টি জেলা থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও কৌশল প্রদর্শন করে দর্শক ও অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব সুলতানা ইয়াসমীন। তিনি তার বক্তব্যে বলেন, তায়কোয়নদো'র মতো শৃঙ্খলাভিত্তিক খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। তিনি এ ধরনের জাতীয় আয়োজন নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব রইস উদ্দিন আহমেদ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনিসউর রহমান আনিস এবং ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ইমাউল হক। অতিথিবৃন্দ তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন এবং আয়োজকদের আন্তরিক প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার অধ্যক্ষ বাগ্ময়ী দত্ত। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার অবিচ্ছেদ্য অংশ এবং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আন্তর্জাতিক আম্পায়ার এবং তায়কোয়নদো ফেডারেশন অব বাংলাদেশ (আইটিএফ) এর প্রেসিডেন্ট সান্তনা রানী রায়। তিনি আইটিএফ তায়কোয়নদো'র আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং এই জাতীয় চ্যাম্পিয়নশিপকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের তায়কোয়নদো-কে  তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

প্রতিযোগিতায় লালমনিরহাট তায়কোয়নদো আ্যাসোসিয়েশন থেকে ৮ জন প্রতিযোগি অংশগ্রহণ করে  এবং ৬টি পদক অর্জন করে ( তিনটি স্বর্ন, একটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জ পদক)।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল ও সম্মাননা প্রদান করা হয়।