রংপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক প্রাঙ্গনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জনসচেতনতামূলক র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বোয়েসেলের উপ-মহাব্যবস্থাপক নাজমুন নাহার, কারমাইকেল কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেসারুল হক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা না থাকার কারণে বাংলাদেশের কর্মীরা পিছিয়ে পড়ছে। এ দুটি বিষয়ে জ্ঞান না থাকায় তারা অর্ধেকেরও কম বেতন পাচ্ছে। এ সমস্যা নিরসনে সারাদেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশী ভাষা প্রশিক্ষণ ও কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া বিদেশ গমনেচ্ছুদের বিদেশে গিয়ে কাজ করার প্রক্রিয়াকে সহজীকরণে কাজ করা হচ্ছে। এতে করে তারা দালাল, প্রতারকের হাত থেকে তারা রক্ষা পাচ্ছে।
এছাড়া রংপুরে প্রবাসীর সংখ্যা কম থাকায় এখানকার শিক্ষিত, দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানীতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। গত তিন মাসে বিদেশে থাকা কর্মীদের মাধ্যমে রংপুরে প্রায় ১ হাজার ৮৪৭ কোটি টাকা রেমিট্যান্স এসেছে বলে সভায় জানানো হয়। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো ব্যক্তি, বিদেশ ফেরত রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা স্বারক প্রদান এবং বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধার মেধাবী সন্তানদের বৃত্তির চেক প্রদান করা হয়।
এরপর জেলা প্রশাসন, টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ সেন্টার ও বোয়েসেলের আয়োজনে পাবলিক লাইব্রেরী মাঠে ফিতা কেটে তিন দিনব্যাপী চাকুরী মেলার উদ্বোধন করা হয়। মেলার ২১টি স্টলে বিদেশে চাকুরী প্রত্যাশীরা নিরাপদ অভিবাসন, চাকুরীর ধরণ, যোগ্যতা ইত্যাদি সম্পর্কে জানতে পারছেন।