বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মহান বিজয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন


প্রকাশ :

যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর রংপুর টাউন হল ‘কেন্দ্রীয় শহিদ মিনারে’ শহিদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা শুরু হয়।

শহিদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

এছাড়াও, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষে অধিনায়ক, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে দিবসটি উপলক্ষ্যে সকাল ৯ টায় রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, সুশৃঙ্খল কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শিত হয়।