বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে রেকর্ড বিদেশি পর্যবেক্ষক


প্রকাশ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ এবার অভূতপূর্ব পরিসরে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে শতাধিক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০০৮ সালের পর এটি হবে সর্বাধিক বিদেশি পর্যবেক্ষক উপস্থিতিসম্পন্ন নির্বাচন।

ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) ও কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এবারের নির্বাচন পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও পৃথক পর্যবেক্ষক দল আসার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় দল পাঠাচ্ছে ইইউ। ২৭ দেশের এই জোট থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদি মিলিয়ে প্রায় ১৫০-১৮০ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ সদস্যের একটি দল আসতে পারে, যার নেতৃত্বে থাকবে আইআরআই। এছাড়া কমনওয়েলথের প্রতিনিধিদলে থাকতে পারেন প্রায় ৩০ জন পর্যবেক্ষক।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে প্রতিনিধিদল পাঠানোর জন্য চিঠি পাঠাতে শুরু করেছেন। ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এবং দেশগুলোকে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সরকার চায় না এমন কোনো পর্যবেক্ষক আসুক, যারা অযথা বিতর্কের সৃষ্টি করতে পারে।

ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যার অংশ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন। ভোট চলাকালে স্থানীয় পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহযোগিতা করবে। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক অংশগ্রহণ করেছিলেন। ১৭ বছর পর এবার আবারও বড় পরিসরে বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতির মধ্য দিয়ে নির্বাচন হতে যাচ্ছে।