গাজীপুরের টঙ্গীতে এক বিকাশকর্মীর কাছ থেকে গুলি করে প্রায় ১৪ লাখ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে টঙ্গী পূর্ব থানার আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকাশ এজেন্টের প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও আজাদ (৩২) মোটরসাইকেলে করে নগদ অর্থ বহন করছিলেন। আনারকলি রোডে মেসার্স টঙ্গী স্যানিটারি অ্যান্ড হার্ডওয়্যারের সামনে পৌঁছালে পায়ে হেঁটে আসা দুই থেকে তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের পথরোধ করে।
টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে একপর্যায়ে দুর্বৃত্তরা আরিফ হোসেনকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আজাদকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তারা ১৪ লাখ ৭৭ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে আরিফ হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজাদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।