রাজধানীর বিজয়নগরে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জনসাধারণের কাছে তথ্য চেয়ে সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোর অভিযান চালাচ্ছে ডিএমপি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
ডিএমপি জানায়, শনাক্ত ব্যক্তির বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা দ্রুত ৯৯৯ নম্বরে অথবা সরাসরি পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। এ জন্য ডিসি মতিঝিলের নম্বর ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের নম্বর ০১৩২০০৪০১৩২ যোগাযোগের জন্য দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।