নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) লাই আকতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিদা বেগম।
তথ্য আপা স্মৃতি মনি কনার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারীর ডি.জি.এম. মোসাদেকুর রহমান, কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শিল্পী বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অমিক্কা রানী রায়, সফল জননী নারী অঞ্জলী রানী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী উমা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী সারথী রানী—এই ৫ জন সফল জয়িতাকে ৫ ক্যাটাগরিতে নির্বাচন করে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।