বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন


প্রকাশ :

লালমনিরহাটে ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে দ্বিতীয় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় বসবাসরত হরিজন (সুইপার) সম্প্রদায়।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পূর্ব ও পশ্চিম পাশের দুটি সুইপার কলোনির প্রায় দুই শতাধিক মানুষ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে প্রথমে মিশন মোড়ে মানববন্ধন করে, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। সেখানে ‘বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ’ ও ‘হরিজন অধিকার আদায় সংগঠন’ জেলা শাখার ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে গতকালও একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তারা।

বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্থাপন শাখায় ৭টি পদের বিপরীতে ৩৯ জনকে নিয়োগের জন্য গত ১৩ এপ্রিল ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যার মৌখিক পরীক্ষা রোববার (৭ ডিসেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।

বিজ্ঞপ্তিতে ৬ জন পরিচ্ছন্নকর্মী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেওয়া হয়।

অভিযোগ করে তারা বলেন, লালমনিরহাট ডিসি অফিসে ওই ৩৯ জন স্টাফ নিয়োগে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার তাদের সঙ্গে বৈষম্য করেছেন। ইচ্ছাকৃতভাবে কঠিন প্রশ্নপত্র দিয়ে কৌশলে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তাদের দাবি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার যোগসাজশে রাত ৩টায় লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছেন। এতে প্রকৃত চাকরিপ্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

তারা অবিলম্বে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবি জানান।