বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা


প্রকাশ :

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে বাঁশগাড়ী ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামে ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকারের বয়স বিয়াল্লিশ। স্থানীয় বাজারে তার স্বর্ণের দোকান ছিল।

পুলিশের ভাষ্য, দুই অপরিচিত ব্যক্তি লেনদেনের কথা বলে তাকে বাইরে ডেকে নেয়, এরপর দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। শব্দ শুনে পরিবার আর প্রতিবেশীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসাদ আবদুল্লাহ খান বলেন, স্বজনেরা গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। বুকের ক্ষত গুলির আঘাত কি না, তা ময়নাতদন্তের পর পরিষ্কার হবে।

পরিবারের দাবি, প্রাণতোষকে ডাকার সময় থেকেই দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক ছিল। ঘরের ভেতরে কথা বলার অনুরোধ করা হলেও তারা তাকে বাইরে নিয়ে যায়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে।