মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

দেশের ছয় বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আসন্ন শীত মৌসুমে বাংলাদেশসহ হিন্দুকুশ হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিমোড) এবং চীনের দুটি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘এইচকেএইচ উইন্টার আউটলুক ২০২৬’ প্রতিবেদনে এ আশঙ্কার কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এল নিনোর প্রভাব ও আবহাওয়ার অস্বাভাবিক প্রবণতার কারণে বৃহত্তর হিন্দুকুশ হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন