রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের রাজপথে পোশাকশ্রমিকেরা, অবরুদ্ধ মিরপুর-১০


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের রাজপথে পোশাকশ্রমিকেরা, অবরুদ্ধ মিরপুর-১০

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা সকালে জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন শ্রমিকেরা।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

সূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন