লালমনিরহাটের কালীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রলি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তহিদুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মুন্সিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তহিদুল ইসলাম একই ইউনিয়নের লতাবর আদর্শপাড়া এলাকার বাসিন্দা। তিনি দুলাল হোসেনের ছেলে।
আহতরা হলেন একই এলাকার জাবেদ আলীর ছেলে হযরত আলী (২০) এবং লুৎফর রহমানের ছেলে আমির হোসেন (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ০৩ জন একই মোটরসাইকেলে করে বাড়ি থেকে চাপারহাটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে মুন্সিপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রলি ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলটির গতি বেশি ছিল এবং এর হেডলাইট জ্বালানো ছিল না। একই সঙ্গে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলি ট্রাক্টরটির পেছনের লাইটও জ্বালানো ছিল না বলে জানান তারা।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করেন। আমির হোসেনের অবস্থা গুরুতর না হওয়ায় তাঁকে চাপারহাটে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। অপর দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে মোটরসাইকেল চালক তহিদুল ইসলামের মৃত্যু হয়। অপর আহত হযরত আলী বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মাওলা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতেই তাঁর দাফন সম্পন্ন হয়েছে এবং এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।
রংপুরে বেওয়ারিস কুকুরের কামড়ে নারী-শিশুসহ ১৫ জন আহত
২১ ঘন্টা আগে