নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে না, বরং ‘মাফিয়া দল’ হিসেবে দেখে। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে সরকার সেখানে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং দ্রুতই মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করা হবে।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বর্তমান সরকার অতীতের যেকোনো সরকারের তুলনায় অধিক সক্রিয় ও দ্রুতগতিতে কাজ করছে, যা সাধারণ মানুষও উপলব্ধি করতে পারছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-এর গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের সহায়তায় সক্রিয় উদ্যোগ গ্রহণের ফলেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ বাহিনীর মনোবল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় জনগণের মধ্যে পুলিশকে ঘিরে নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। তবে বর্তমানে পুলিশ সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।