বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নবম পে-স্কেলে সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬০ লাখ টাকার প্রস্তাব


প্রকাশ :

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের এই কমিশন গত ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমান সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে বেতন কাঠামোয় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখা হয়েছে, যা বর্তমানে ১:৯.৪। এর মাধ্যমে উচ্চ ও নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের ব্যবধান কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তবে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার পরামর্শ দিয়েছে কমিশন।

এদিকে, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সিনিয়র সচিবদের জন্য প্রচলিত গ্রেডের বাইরে আলাদা বিশেষ ধাপ নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত হবে।

সরকারি হিসাবে বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হয়। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

বেতন কাঠামোর পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক প্রতিবেদনের ভিত্তিতে একটি সমন্বিত বাস্তবায়ন পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ দেবে।