উত্তরবঙ্গের উন্নয়ন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান খনি থেকে দ্রুত অকটেন, পেট্রোল, তেল উত্তোলন, উত্তরবঙ্গের হতদরিদ্র মানুষের কর্মসংস্থান জন্য অন্তত দুটি ইপিজেড স্থাপন এবং দেশ পরিচালনায় সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার দাবিতে গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি অধ্যক্ষ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, উত্তরবঙ্গের প্রতি অবহেলা সহ্য করা হবে না। তিনি দেশের সংকটকালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান খনি থেকে অকটেন, পেট্রোল ও তেল দ্রুত উত্তোলনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে উত্তরবঙ্গের হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেখানে অন্তত দুটি ইপিজেড স্থাপনের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা রোধে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
স্বার্থপরতা, মিথ্যাচার ও উশৃঙ্খলতা পরিহার করে দলমত নির্বিশেষে সৎ, সাহসী, সত্যবাদী, নির্ভীক ও দায়িত্বশীল দেশপ্রেমিকদের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. শাহ গোলাম মুসা। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক মানিক কুমার সেন, তাজুল ইসলাম, কবি কাজী আলম, ইসমাইল হোসেন ইসমী, এসএম আমানউল্লাহ, ওমর ফারুক, আসাদুজ্জামান বিকাশ, আখতারুজ্জামান রাজু, এম এ মুয়িদ মুত্তাকিন, সেজান খানসহ প্রমুখ।
বক্তারা উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলা দূর করে শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।