শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ কোটি টাকা, কর আদায়ে কঠোর অবস্থানে এনবিআর


প্রকাশ :

আসন্ন বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে বড় ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, চলতি বছরের তুলনায় রাজস্ব আদায় প্রায় ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা অর্জনে ৪ থেকে ৬ লাখ কোটি টাকার রাজস্ব সংগ্রহ জরুরি। এই বড় লক্ষ্যমাত্রা পূরণে কঠোর পদক্ষেপের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়ন উপলক্ষে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।

তিনি আরও জানান, বিভিন্ন খাতে দেওয়া কর অব্যাহতি ধীরে ধীরে তুলে নেওয়া হবে। তবে গণপরিবহন খাতে সর্বোচ্চ সুবিধা বজায় রাখার পরিকল্পনা রয়েছে। টার্নওভার ট্যাক্স কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর ফাঁকির কারণে রাজস্ব খাতে চাপ বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে। ভ্যাট রিফান্ড প্রক্রিয়া আরও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি স্বীকার করেন, দেড় বছর ধরে রিফান্ড প্রদান বন্ধ রয়েছে, যা ঠিক নয়। তবে সব কার্যক্রম পুরোপুরি অনলাইনে না আসা পর্যন্ত কিছু সীমাবদ্ধতা থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।