শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে


প্রকাশ :

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা উল্লেখযোগ্য।

নিহতের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে দায়ের করা ওই মামলায় ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে আসামি করেন। একই মামলায় টিপু মুনশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

রাজনৈতিক জীবনে ড. শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার এ পদে নির্বাচিত হওয়ার পর টানা চারবার স্পিকার হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন তিনি। আওয়ামী লীগের মনোনয়নে রংপুর-৬ আসন থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগের পর থেকে জনসম্মুখে খুব একটা দেখা না গেলেও তার অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল।