রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

কালীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, চাষির কয়েক লাখ টাকার ক্ষতি


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক মৎস্য খামারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানিখাওয়া ঘাটসংলগ্ন গোড়ল ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকায় ১ একর জমির মাছের প্রকল্পে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে।

এর ফলে পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে চাষি ইয়াকুব আলী অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাছগুলো বিক্রির উপযোগী অবস্থায় ছিল এবং এটি ছিল তার জন্য মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।

ক্ষতিগ্রস্ত মাছচাষি ইয়াকুব আলী, পিতা মৃত দিল মাহমুদ বলেন, “সকালে প্রতিবেশীরা খবর দিলে পুকুরে গিয়ে দেখি—মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পুকুরে কয়েক লাখ টাকার মাছ ছিল। বিক্রির উপযোগী অনেক মাছও নষ্ট হয়েছে। রাতের আঁধারে কেউ শত্রুতাবশত বিষ ছিটিয়ে দিয়েছে বলে আমার ধারণা। তা না হলে হঠাৎ করে সব মাছ মারা যাওয়ার কথা নয়।”

তার ভাই ইজ্জত আলী বলেন, “রাতের আঁধারে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। পূর্বশত্রুতার জের ধরেই এই ন্যক্কারজনক কাজ করা হয়েছে বলে আমরা মনে করছি। ইতোমধ্যে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইয়েদুল মোফাচ্ছালীন বলেন,  “ইয়াকুব আলী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। ভবিষ্যতে প্রণোদনা বা অন্য কোনো সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন,  “ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় এর আগেও বিভিন্ন সময় মাছের পুকুর বা ফসলি জমিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। সুশীল সমাজের মতে, দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড চলতেই থাকবে।