সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আদিতমারীতে সাঁতার প্রতিযোগিতা


প্রকাশ : (১ মাস আগে)
গ্রামীণ ঐতিহ্য ফেরাতে আদিতমারীতে সাঁতার প্রতিযোগিতা

গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মকে দেশীয় খেলাধুলায় সম্পৃক্ত করতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

আয়োজকরা জানান, আধুনিকতার যুগে গ্রামীণ খেলাধুলার জায়গা দখল করে নিয়েছে মোবাইল ফোন। বর্তমান প্রজন্মের অনেকেই মোবাইল আসক্তির কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে গ্রামীণ খেলাধুলার বিকল্প নেই।

তারা আরও জানান, নদীবেষ্টিত জনপদের মানুষের জন্য সাঁতার জানা অত্যন্ত জরুরি। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য নিয়মিত সাঁতার কাটাও প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার অন্যতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে সাঁতারুদের আহ্বান জানানো হয়। পরে প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়। এতে শুভ রায় উপজেলা পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুণঞ্জন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, উপজেলা প্রকৌশলী একেএম ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হাসান প্রমুখ।

বিজ্ঞাপন