মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পিঠা উৎসব বন্ধের হুমকিতে উদ্বেগ, প্রতিবাদ জানাল জেন-জি লালমনিরহাট


প্রকাশ : (৬ মাস আগে)
পিঠা উৎসব বন্ধের হুমকিতে উদ্বেগ, প্রতিবাদ জানাল জেন-জি লালমনিরহাট

লালমনিরহাটে এক দিনব্যাপী পিঠা উৎসব বন্ধের হুমকিকে ঘিরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম জেন-জি লালমনিরহাট। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উৎসব বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এ ধরনের হুমকি কোনো একক আয়োজনের বিরুদ্ধে নয়; এটি সরাসরি ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চার ওপর আঘাত। আয়োজিত পিঠা উৎসবটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ, যেখানে লালমনিরহাটের তরুণ-তরুণীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উৎসবের অংশ হিসেবে নিবন্ধনের মাধ্যমে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং এবং আত্মকর্মসংস্থান বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পরিবেশবান্ধব গাছের চারা, বই ও শিক্ষাসামগ্রী দেওয়ার কথা রয়েছে। এখানে কোনো ধরনের মেলা, বাণিজ্যিক কার্যক্রম বা আর্থিক লেনদেন নেই।

তরুণরা তাদের নিজ নিজ সংগঠনের ব্যানারে নিজেদের তৈরি পিঠা নিজেদের মধ্যেই বিনিময় করবে, যা সম্পূর্ণভাবে সাংস্কৃতিক ও সৌহার্দ্যপূর্ণ কার্যক্রম বলে উল্লেখ করা হয়। এতে কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই বলেও জানানো হয়েছে।

জেন-জি লালমনিরহাটের পক্ষ থেকে বলা হয়, যে সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সৃজনশীলতা, সচেতনতা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে, সেই আয়োজন বন্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের এমন অবস্থান মেধাবী ও সচেতন যুবসমাজকে দমিয়ে রাখার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে।

বিবৃতিতে সংগঠনটি স্পষ্ট করে জানায়, তরুণদের ইতিবাচক পথ রুদ্ধ করা, সংস্কৃতিকে অবজ্ঞা করা এবং সামাজিক উদ্যোগ দমনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে এই অযৌক্তিক হুমকি অবিলম্বে প্রত্যাহার করে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন