দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে, যা মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকায়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা।
আগের দামের তুলনায় ২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৩৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্যে আউন্সপ্রতি স্বর্ণের দাম ৩৭ ডলার বেড়েছে। যদিও মাসিক হিসাবে দাম এখনও আগের তুলনায় কিছুটা নিচে রয়েছে।
এছাড়া চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, এখন থেকে স্বর্ণের গয়নার মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতাদের আলাদাভাবে ভ্যাট পরিশোধ করতে হবে না। নতুন বাজেটে প্রতি ভরি স্বর্ণের গয়নার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৮৫৭ টাকায় অপরিবর্তিত রয়েছে।
সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
৪ ঘন্টা আগে