মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশ : (৫ মাস আগে)
সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন রমজানকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর জানান, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় রাখা, সেহরি–ইফতার ও তারাবির সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার কথাও বলা হয়েছে।

বৈঠকে দুর্নীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি জানান, সরকার শিগগিরই ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে, যার আওতায় অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রমজানে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব নিয়েও কাজ চলবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন