জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী তৎপরতা দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ–২’ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে কোর কমিটি সর্বসম্মতভাবে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ–২’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার জন্য যেসব প্রার্থীর আগ্নেয়াস্ত্র সরকারের হেফাজতে জমা রয়েছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের সুরক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে, যা সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, দ্রুত সময়ের মধ্যেই দোষীদের আইনের আওতায় আনা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা। নির্বাচন বানচাল করার যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে প্রতিহত করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
৬ ঘন্টা আগে
আবারও বাড়ল সোনার দাম, কার্যকর নতুন মূল্য
৯ ঘন্টা আগে