লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ধবলসূতি সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বুড়িমারী বিওপি ও ধবলসূতি বিওপির বিশেষ টহলদল। এর মধ্যে বুড়িমারী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িরবাড়ী এলাকায় অভিযান চালায়। একই সময়ে ধবলসূতি বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেসিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় শাড়ি ও কসমেটিকস ফেলে পালিয়ে যায়। পরে পৃথক ঘটনাস্থল থেকে এসব পণ্য উদ্ধার করে বিজিবি। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৭৮৩ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানায়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।