সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

দশ বছর পর আবার জুটি: পূজায় নতুন সিনেমা নিয়ে ফিরছেন দেব-শুভশ্রী


প্রকাশ :

টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি আবারও একসঙ্গে নতুন সিনেমায় কাজ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এই ঘোষণা দেন দু’জনই।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দেবের প্রযোজনায় নির্মিত সিনেমাটি চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাবে। তবে আপাতত সিনেমার নাম কিংবা নির্মাতার নাম প্রকাশ করেননি প্রযোজক-অভিনেতা দেব।

নতুন সিনেমার খবর জানানোর পাশাপাশি ভক্তদের উদ্দেশে একটি স্পষ্ট অনুরোধও রাখেন দেব ও শুভশ্রী। তারা বলেন, সিনেমাকে কেন্দ্র করে যেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী এবং দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে কোনো ধরনের কটাক্ষ বা ব্যক্তিগত আক্রমণ না করা হয়।

শুভশ্রী বলেন, “অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা অনেক দূর এগিয়ে এসেছি বলেই আজ আবার একসঙ্গে কাজ করতে পারছি। আমাদের সঙ্গীরাও পাশে আছেন। রুক্মিণী এবং রাজকে ধন্যবাদ—তাদের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না।”

দেবও একই সুরে অনুরোধ জানান, “লাইভের পর কেউ যেন ব্যক্তিগত আক্রমণ না করেন। আমরা জানি দর্শক আমাদের ভালোবাসেন, একসঙ্গে দেখতে চান। কিন্তু সেই ভালোবাসা যেন আমাদের সঙ্গীদের আঘাত না করে।”

গত বছরের আগস্টে প্রায় এক যুগের বিরতি ভেঙে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সেই সিনেমার প্রচারে ছবির চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র। নতুন সিনেমার ক্ষেত্রে এমন পরিস্থিতি এড়াতেই আগেভাগেই সতর্ক করলেন এই জুটি।

দেব জানান, নতুন ছবিতে থাকবে প্রেম, অ্যাকশন ও রোমাঞ্চের মিশেল। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এতটাই যে মুক্তির প্রায় ১০ মাস আগেই অগ্রিম টিকিট বুকিংয়ের পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী জুটির যাত্রা শুরু। ছবিটি ব্লকবাস্টার হলে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’সহ একের পর এক ব্যবসাসফল সিনেমায় দর্শকের মন জয় করে নেয় এই জুটি।

ব্যক্তিগত জীবনে একসময় সম্পর্কে থাকলেও বিয়ের আগেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরও পেশাদার দায়িত্ববোধ থেকে ২০১৫ সালে ‘ধূমকেতু’ সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা। দশ বছর পর সেই সিনেমা মুক্তি পায় এবং দর্শকের সাড়া পায়।

সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী।