সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

মুক্তির আগেই আইএমডিবির শীর্ষে শাহরুখ খানের ‘কিং’


প্রকাশ :

বলিউডের বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। গত বছর প্রকাশিত ঝলক দেখেই দর্শকদের কৌতূহল তুঙ্গে ওঠে। সেই অপেক্ষার মাঝেই বড় সাফল্যের খবর—মুক্তির আগেই জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘কিং’।

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইএমডিবির এই র‍্যাংকিং নির্ধারিত হয়েছে বিশ্বজুড়ে দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধান তথ্য বিশ্লেষণের ভিত্তিতে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা প্রায় ২৫ কোটিরও বেশি ব্যবহারকারীর পেজভিউ পর্যালোচনা করেই তৈরি করা হয় এই তালিকা।

এই অর্জন কেবল ভারতীয় দর্শকদের উন্মাদনার ছবি নয়, আন্তর্জাতিক পরিসরে ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহেরও স্পষ্ট ইঙ্গিত। আইএমডিবি প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে মোট ২০টি ছবি, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে হিন্দি ভাষার সিনেমা সবচেয়ে বেশি—১০টি। এরপর তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা স্থান পেয়েছে।

তালিকার শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে আছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ স্থানে রয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।

‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, ছবির মূল ভিলেনের চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। বিশেষ একটি ভূমিকায় দেখা যেতে পারে আরশাদ ওয়ারসিকেও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।