সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

প্রশংসাই কাল হলো? আলিয়াকে ঘিরে উল্টো সমালোচনা


প্রকাশ :

সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়া অনন্যা পান্ডে নতুন কিছু নয়। প্রায়ই কোনো না কোনো বিষয় নিয়ে সমালোচনার কেন্দ্রে থাকেন তিনি। বিপরীতে আলিয়া ভাট বরাবরই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন বেশি। তবে সাম্প্রতিক এক ঘটনায় ছবিটা বদলে গেছে। আলিয়া ও অনন্যাকে ঘিরে শুরু হওয়া এক বিতর্কে এবার অনন্যার পক্ষেই অবস্থান নিয়েছেন অনেকে, আর আলিয়াকে ঘিরেই উঠেছে কটাক্ষ।

এই আলোচনা শুরু হয় ‘হক’ সিনেমা ঘিরে। ছবিটি দেখে ইয়ামি গৌতমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন আলিয়া ভাট এবং নিজেকে তার ভক্ত বলে উল্লেখ করেন। বিষয়টি ভালোভাবেই নেওয়া যেত, কিন্তু সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা। একাংশের দাবি, পরিচালক আদিত্য ধরের ভবিষ্যৎ প্রজেক্টে কাজ পাওয়ার আশায়ই আলিয়া তার স্ত্রী ইয়ামির প্রশংসায় মুখর হয়েছেন।

নেটিজেনরা আরও একটি প্রসঙ্গ টানেন। কিছুদিন আগে আদিত্য ধরের পরিচালনায় মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে আলিয়া কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে অভিযোগ ওঠে। ঘনিষ্ঠ বন্ধু রণবীর সিং অভিনীত সেই ছবির জন্যও তিনি প্রকাশ্যে শুভেচ্ছা জানাননি। তখন বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা ঘুরে বেড়ালেও, ছবিটি ব্যবসায়িকভাবে আলোচনায় আসার পর হঠাৎ আলিয়ার প্রশংসা বার্তা নতুন করে প্রশ্ন তুলেছে অনেকের মনে।

এই প্রেক্ষাপটেই সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা দিয়ে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে লাইক দিতে দেখা যায় অনন্যা পান্ডেকেও। সেটাই আগুনে ঘি ঢালে। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়ে টিনসেল টাউনে।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলিয়া ও অনন্যার সম্পর্ক নাকি গত কিছুদিন ধরেই শীতল। ফিল্মফেয়ার ওটিটি ২০২৫ অনুষ্ঠানে অনন্যাকে দেখে না চেনার ভান করার অভিযোগও ওঠে আলিয়ার বিরুদ্ধে। সেই অভিমান থেকেই কি ভাইরাল পোস্টে অনন্যার লাইক—এ প্রশ্নও উঠছে।

সব মিলিয়ে, যে অনন্যা এতদিন ট্রলের শিকার হতেন, সেই তিনিই এবার অনেকের সহানুভূতি পাচ্ছেন। আর প্রশংসা করতে গিয়ে আলিয়া ভাটই পড়েছেন সমালোচনার কেন্দ্রে। বলিউডের অন্দরমহলে এই বিতর্ক আপাতত থামার কোনো লক্ষণ নেই।