বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

‘দ্য রাজা সাব’ ঘিরে উন্মাদনা চরমে, প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসভক্তদের


প্রকাশ :

দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। সেই উন্মাদনার জেরেই এবার বিতর্কের মুখে পড়েছে ছবিটি। সিনেমা প্রদর্শনের সময় প্রেক্ষাগৃহের ভেতর আগুন জ্বালিয়ে উল্লাস করতে দেখা গেছে একদল দর্শককে।

ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই একে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক আচরণ বলে আখ্যা দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ওড়িশার একটি সিনেমা হলে ‘কনফেটি’ বা উৎসবের রঙিন কাগজে আগুন ধরানোর একটি ভিডিও ছড়িয়ে পড়লে নেটপাড়ায় নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, হলের ভেতরে একদল দর্শক আগুন জ্বালিয়ে চিৎকার-উল্লাসে মেতে উঠেছেন।

নেটিজেনদের মতে, বদ্ধ প্রেক্ষাগৃহে এভাবে আগুন জ্বালানো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের কাজ কোনোভাবেই প্রকৃত প্রভাসভক্তদের প্রতিনিধিত্ব করে না। বরং এতে প্রিয় অভিনেতার ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভক্তদের একাংশের অভিযোগ, সিনেমা উদ্‌যাপনের নামে এমন আচরণ জননিরাপত্তাকে উপেক্ষা করার শামিল। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রভাস কিংবা সংশ্লিষ্ট সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দ্য রাজা সাব’। মুক্তির আগ থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এর আগেও ছবির একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে কিছু দর্শক প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন।

মারুতি পরিচালিত এই হরর-কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। প্রভাসের লুক ও অ্যাকশন নিয়ে ভক্তদের উচ্ছ্বাস থাকলেও প্রেক্ষাগৃহের ভেতরে বারবার এমন বিশৃঙ্খল কাণ্ড জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।