বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ বিনোদন

বন্ধ শুটিং, নায়িকা বিভ্রাট, শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে নানা গুঞ্জন


প্রকাশ :

ঢালিউড মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’ ঘিরে সাম্প্রতিক সময়ে নানা কথা ছড়ালেও এবার পরিষ্কার অবস্থান জানালেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। নায়িকা নির্বাচন থেকে শুরু করে শুটিং বন্ধ, এমনকি মুক্তি অনিশ্চিত— এসব আলোচনা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বিভ্রান্তি।

এই ছবিতে শাকিব খানের বিপরীতে দুই নায়িকার থাকার কথা আগেই জানানো হয়েছিল। এর মধ্যে একজন হিসেবে তাসনিয়া ফারিণের নাম নিশ্চিত হলেও দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলছিল জল্পনা। কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম উঠে এলেও তিনি নিজেই বিষয়টিকে গুজব বলে নাকচ করেন।

এদিকে দেশের বর্তমান বাস্তবতায় কলকাতার কোনো অভিনেত্রীর পরিবর্তে দেশীয় শিল্পী সাবিলা নূরকে নেওয়া হতে পারে— এমন কথাও ছড়ায়। গত ঈদের ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলা জুটির প্রশংসা থাকায় ভক্তদের একটি অংশ এই সম্ভাবনায় আগ্রহ দেখান।

এর সঙ্গে যোগ হয় ভারত-বাংলাদেশ ভিসা জটিলতা, শুটিং পেছানো ও মুক্তি নিয়ে অনিশ্চয়তার খবর। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা যখন তুঙ্গে, তখনই সব গুঞ্জনের জবাব দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘প্রিন্স’ নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। শুরু থেকেই নিয়মিত আপডেট দেওয়া হয়েছে এবং কিছু বাস্তব প্রতিবন্ধকতা পেরিয়েই টিম সামনে এগোচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়, আগামী ৬ জানুয়ারি সিনেমাটির শুটিং শুরু হবে। সময় অনুযায়ী ফার্স্ট লুক ও পোস্টার প্রকাশ করা হবে।

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদও।

নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে পটভূমি করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। ক্রাইম, অ্যাকশন, প্রেম আর আবেগের মিশেলে তৈরি এই ছবির প্রথম পোস্টার আগেই দর্শকদের দৃষ্টি কেড়েছিল।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ঈদুল ফিতরেই বড় পর্দায় শাকিব খানের নতুন ‘প্রিন্স’ অবতার দেখার আশা করছেন সিনেমাপ্রেমীরা।