সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ভেতরকার ব্যবস্থাপনা সংকট নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব পরিচালনায় দৃশ্যমান ও স্থায়ী পরিবর্তনের সুনির্দিষ্ট নিশ্চয়তা না পেলে তিনি নিজের অবস্থান বদলাবেন না বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। শুধু তাই নয়, টানা দ্বিতীয় লিগ ম্যাচেও না খেলার সিদ্ধান্তে অনড় আছেন পর্তুগিজ তারকা।
ইএসপিএনের বরাতে জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সন্তোষজনক সমাধান না এলে আগামী জুনে ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক আবেদন করতে পারেন রোনালদো। এরই মধ্যে গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১–০ গোলে জেতা ম্যাচেও তিনি খেলতে অস্বীকৃতি জানান।
এখানে আসল সমস্যা কী? রোনালদোর অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরে যথেষ্ট বিনিয়োগ করছে না, অথচ প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে। তার মতে, এতে শিরোপা লড়াইয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে।
এই অসন্তোষ আরও বাড়ে আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে আল হিলালে নেওয়ার উদ্যোগ ঘিরে। রোনালদো মনে করেন, এই পদক্ষেপ সরাসরি আল হিলালকে লিগ জয়ে এগিয়ে দিতে পরিকল্পিতভাবে নেওয়া হয়েছে।
মজার বিষয় হলো, মাঠের বাইরে ক্ষুব্ধ থাকলেও পুরো সপ্তাহ জুড়েই দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুশীলনের ছবিও দিয়েছেন। তবে ক্লাবের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তাকে দেখা যায়নি।
পর্দার আড়ালে তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন—ক্লাব ব্যবস্থাপনার পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিতে হবে এবং সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোর মতো বাইরের হস্তক্ষেপ বন্ধের গ্যারান্টি দিতে হবে। তবেই তিনি মাঠে ফিরবেন। শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে আল নাসরের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
এদিকে সম্প্রতি আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও সিইও জোসে সেমেদোকে পিআইএফ সাময়িক বরখাস্ত করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পাশাপাশি ক্লাবের ব্যয় সংকোচনের সিদ্ধান্তও রোনালদোর ক্ষোভ বাড়িয়েছে, কারণ এতে শক্তিশালী দল গড়া কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে আল হিলাল বিপুল আর্থিক সহায়তা পেয়েছে প্রিন্স আলওয়ালিদ বিন তালালের কাছ থেকে। বেনজেমাসহ সাম্প্রতিক বড় সাইনিংগুলোর অর্থায়ন মূলত তার পক্ষ থেকেই এসেছে বলে জানা গেছে।
২০২২ সালে আল নাসরে যোগ দিলেও এখনো বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব থাকলেও বিশ্বকাপ প্রস্তুতির কথা ভেবে তিনি এখনই দেশ ছাড়তে চান না। গত গ্রীষ্মে তিনি ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন, যেখানে ৫ কোটি ইউরোর রিলিজ ক্লজ রয়েছে।
তবে সৌদি প্রো লিগ তাদের সবচেয়ে বড় তারকাকে হারাতে চায় না। আল নাসর ও পিআইএফ গ্রীষ্মে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে। সম্ভাব্য নতুন শক্তিবৃদ্ধি হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেসের নামও আলোচনায় আছে।
এদিকে আল হিলালের সিইও এসতেভে কালজাদা রোনালদোর অসন্তোষকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তার দাবি, বেনজেমার আগমনে শুধু মাঠ নয়, বাণিজ্যিক ও গণমাধ্যমিক দিক থেকেও লিগ উপকৃত হচ্ছে।
বর্তমানে পয়েন্ট টেবিলে আল হিলাল শীর্ষে, আল নাসরের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে।