প্রথমবার অনুষ্ঠিত নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে শিরোপা জিতেছে বাংলাদেশের নারী দল। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া সাবিনা খাতুনের দল আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রফি হাতে দেশে ফিরছে।
সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে সাফজয়ী নারী ফুটসাল দলের। দেশে ফেরার পর তাদের সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলে। সেখানে রাতে আয়োজন করা হবে গ্র্যান্ড রিসিপশন।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে জলসিঁড়িতে নৈশভোজ অনুষ্ঠিত হবে। পরে গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন দলের খেলোয়াড়রা।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের অংশগ্রহণে লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।