নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছেন যুক্তরাষ্ট্রের তারকা ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যান। ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তির মাধ্যমে তিনিই এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার।
গত ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগ (এনডব্লুএসএল) ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। শুক্রবার (২৩ জানুয়ারি) ক্লাবটির সঙ্গে তিন বছরের নতুন চুক্তিতে সই করেন তিনি।
নতুন চুক্তিতে রডম্যানের মোট পারিশ্রমিক প্রকাশ করা না হলেও আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে জানা গেছে, বোনাসসহ বছরে প্রায় ২০ লাখ মার্কিন ডলার আয় করবেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ কোটি ৪৬ লাখ টাকা। এই চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়েই খেলবেন তিনি।
রডম্যানের এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইএসপিএনকে জানিয়েছেন, এই নতুন চুক্তির ফলে ট্রিনিটি রডম্যানই এখন বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার।
এর আগে সর্বোচ্চ আয় করা নারী ফুটবলারের তালিকায় ছিলেন স্পেনের তারকা মিডফিল্ডার আইতানা বোনমাতি। যদিও তার চুক্তির অর্থের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ হয়নি। উল্লেখযোগ্যভাবে, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছেন বোনমাতি।
শৈশবের ক্লাব ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রিনিটি রডম্যান। তিনি বলেন, “আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। এটা আমার জন্য খুব বড় একটা মুহূর্ত। এখন থেকে সবকিছুই বদলে যাবে।”
ট্রিনিটি রডম্যান সাবেক মার্কিন বাস্কেটবল কিংবদন্তি ডেনিস রডম্যানের মেয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের জার্সিতে খেলছেন এই তরুণ তারকা।