সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশের নারী ফুটসাল দল


প্রকাশ :

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে বাংলাদেশের দাপট অব্যাহত। সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে আজ শ্রীলঙ্কাকে ৬–৩ গোলে পরাজিত করে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। এর আগে গতকাল পুরুষ দলও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে।

নন্থাভুরি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য সহজ ছিল না। প্রথম কয়েক মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে দ্রুতই ম্যাচে ফেরে লাল-সবুজের দল। কৃষ্ণা রাণী সরকারের পাস থেকে পরপর দুই গোল করে সমতা ফেরান সাবিনা।

বিরতির পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। আক্রমণাত্মক ফুটসাল আর দ্রুত গতির খেলায় শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশ। সাবিনার নেওয়া কর্নার থেকে সুমাইয়ার জোরালো শটে লিড নেয় দল। এরপর শেষ পাঁচ মিনিটে আরও তিনটি গোল করে ব্যবধান বড় করে বাংলাদেশ। এর মধ্যে কৃষ্ণা রাণী সরকার দুটি গোল করানোর পর নিজেও একটি গোল করেন। সুমাইয়ার শট প্রতিহত হলেও ফিরতি বলে মাসুরা গোল করেন। পরে কৃষ্ণার আরেকটি গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে শ্রীলঙ্কা একটি গোল শোধ করলেও ফল বদলায়নি।

সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে সাতটি দেশ অংশ নিচ্ছে। প্রত্যেক দল খেলবে ছয়টি করে ম্যাচ। চার ম্যাচ শেষে বাংলাদেশ নারী দলের সংগ্রহ ১০ পয়েন্ট। পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বাকি দুটি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। অন্যদিকে, পুরুষ দলের চার ম্যাচে সংগ্রহ ৭ পয়েন্ট।