সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

মিরপুরে প্লে-অফের মহারণ, শুক্রবার বিপিএলের ফাইনাল


প্রকাশ :

লিগ পর্বের পর্দা নামার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায়—প্লে-অফ। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের মধ্য দিয়ে ৩০ ম্যাচের লিগ পর্ব শেষ হয়েছে। এবার শিরোপা নির্ধারণের লড়াই বসছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) একই দিনে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দিনের শুরুতে এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। এরপর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস নামবে ফাইনালের টিকিটের লড়াইয়ে।

লিগ পর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। শেষ ম্যাচে হারলেও ১২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ফলে নিয়ম অনুযায়ী এই দুই দলই প্রথম কোয়ালিফায়ারে সুবিধাজনক অবস্থান নিয়ে খেলবে, যেখানে জয়ী দল সরাসরি ফাইনালে পৌঁছে যাবে।

সমান ১২ পয়েন্ট পেয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে থেকে এলিমিনেটরে নামতে হচ্ছে রংপুর রাইডার্সকে। তাদের প্রতিপক্ষ সিলেট টাইটান্স, যারা ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। এলিমিনেটরে হারলেই বিদায়, জয়ী দলের সামনে খুলে যাবে ফাইনালের আরেকটি দরজা।

অন্যদিকে, লিগ পর্বেই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তারা প্লে-অফের লড়াইয়ে জায়গা করে নিতে পারেনি।

প্লে-অফের নিয়ম অনুযায়ী, এলিমিনেটরের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বুধবার (২১ জানুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। সেই ম্যাচে জয়ী দলই শুক্রবার ফাইনালে প্রথম কোয়ালিফায়ারজয়ী দলের বিপক্ষে শিরোপার জন্য মাঠে নামবে।

প্লে-অফ সূচি (সব ম্যাচ মিরপুরে):

২০ জানুয়ারি: এলিমিনেটর — রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্স, বেলা ১টা

২০ জানুয়ারি: প্রথম কোয়ালিফায়ার — রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস, সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি: ফাইনাল, সন্ধ্যা ৭টা