আজ ১০ জানুয়ারি (শনিবার) লালমনিরহাট সদর উপজেলায় উপজেলা পর্যায়ের ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে উপজেলা শিক্ষা অফিস, লালমনিরহাট।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রোকসানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিলাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব। সভাপতির সমাপনী বক্তব্যে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানানো হয় এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রতিযোগিতায় সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সক্রিয় উপস্থিতির আহ্বান জানান তিনি।
উপজেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল, ক্রিকেট, বাস্কেটবল, হকি (ছাত্র ও ছাত্রী), টেবিল টেনিস ও ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), সাইক্লিং এবং অ্যাথলেটিকসসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীরা এসব ইভেন্টে অংশগ্রহণ করেন।