বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

লালমনিরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশ :

তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লালমনিরহাটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, লালমনিরহাটের আয়োজনে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ময়দানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  এইচ এম রকিব হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আনিছুর রহমান লাডলা, সাবেক খেলোয়াড় আবুল কালাম বকুল, সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন, মাসুমসহ বিভিন্ন কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকরা।

লালমনিরহাট জেলার কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত মোট ১২টি কলেজের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ ও সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, কালীগঞ্জ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৪–৩ গোলে আদিতমারী সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দলকে মেডেল, ট্রফিসহ ৩৫ হাজার টাকা এবং রানারআপ দলকে মেডেল, ট্রফিসহ ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

টুর্নামেন্টে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আদিতমারী সরকারী কলেজের নয়ন চন্দ্র রায়।এছাড়াও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন সরকারী করিমউদ্দিন কলেজের ইউনুস আলী ও সেরা গোলরক্ষক নির্বাচিত হন আদিতমারী সরকারী কলেজের রিদয় চন্দ্র রায়।টুর্নামেন্টে জেলার ১২টি কলেজ অংশ নেয়।