শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নেইমারের সম্পর্ক আরও এক ধাপ এগোল। নতুন চুক্তিতে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড ২০২৬ সাল পর্যন্ত সান্তোসেই থাকছেন বলে নিশ্চিত হয়েছে।
চুক্তি বাড়ানোর পর দেওয়া বার্তায় নেইমার জানান, ২০২৫ সাল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। মাঠের ভেতর-বাইরে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও সমর্থকদের ভালোবাসা ও সমর্থন তাকে সামনে এগিয়ে যেতে শক্তি দিয়েছে। তার ভাষায়, সান্তোসই তার আপন ঘর—যেখানে তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ ও স্বচ্ছন্দ মনে করেন। এখান থেকেই বাকি স্বপ্নগুলো পূরণ করতে চান তিনি।
৩৩ বছর বয়সী নেইমার চলতি বছরের জানুয়ারিতে ইউরোপের ফুটবল অধ্যায় শেষ করে ফিরে আসেন সান্তোসে। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে ফেরা যেমন কঠিন ছিল, তেমনি দলের জন্যও সময়টা সহজ ছিল না। মৌসুমের শেষদিকে তার দুর্দান্ত পারফরম্যান্স রেলিগেশনের শঙ্কা কাটিয়ে দলকে শীর্ষ লিগে টিকিয়ে রাখতে বড় ভূমিকা রাখে।
তবে ইনজুরি সমস্যা পুরোপুরি পিছু ছাড়েনি। গত ২২ ডিসেম্বর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হাঁটুর পুরোনো চোটের কারণে নেইমারের অস্ত্রোপচার করাতে হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে তার এসিএল ইনজুরি হয়। এরপর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার।
সবকিছুর পরও লক্ষ্য স্পষ্ট নেইমারের—সম্পূর্ণ ফিট হয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরা এবং আগামী বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করা। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, পুরোপুরি সুস্থ থাকলে দলে ফেরার সুযোগ পাবেন এই তারকা।
২০২৫ সালের শুরুতে সান্তোসে যোগ দেওয়ার পর নেইমার এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ১১ গোল করেছেন। মৌসুমের শেষভাগে তার ধারাবাহিক পারফরম্যান্স দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। নতুন মৌসুমে আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মাঠে নামবে সান্তোস। এরপর ২৮ জানুয়ারি শাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আ-তে শুরু হবে তাদের লিগ অভিযান।