এবারের অ্যাশেজ মাঠের খেলায় তেমন জমেনি। তবে মাঠের বাইরের নানা ঘটনা বারবার শিরোনাম হয়েছে। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দ্রুত শেষ হওয়া, স্লেজিং ও নানা বিতর্কে আলোচনায় ছিল সিরিজটি। সেই ধারাবাহিকতায় পঞ্চম টেস্টেও যোগ হলো নতুন উত্তেজনা।
পরশু শুরু হওয়া শেষ টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ৪৫ ওভার। গতকাল দ্বিতীয় দিনে মাঠে নামে বাড়তি নাটক। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৯তম ওভারে মার্নাস লাবুশেন ও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের মধ্যে কথা কাটাকাটির ঘটনা নজর কাড়ে সবার।
ওভারটির শেষ দুই বলে ট্রাভিস হেডের পরপর দুটি বাউন্ডারি হজম করেন স্টোকস। এর পর নন-স্ট্রাইক প্রান্তে থাকা লাবুশেনের দিকে তাকিয়ে উত্তপ্ত প্রতিক্রিয়া দেখান ইংলিশ অধিনায়ক। স্টাম্প মাইকে স্টোকসের অশোভন ভাষার শব্দ ধরা পড়লে পরিস্থিতি আরও চড়া হয়।
ঠিক কী নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে মাঠের আম্পায়ার আহসান রাজা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় স্টোকসকে লাবুশেনের কাঁধে হাত রাখতেও দেখা যায়।
শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে এগিয়ে থাকেন স্টোকসই। ৩১তম ওভারের শেষ বলে লাবুশেনকে (৩০) আউট করেন তিনি। সহজ ক্যাচ ধরেন জ্যাকব বেথেল। আউটের পর স্টোকস লাবুশেনের দিকে তাকালেও আর কোনো বাক্য বিনিময় হয়নি।
খেলা যতটা না উত্তেজনা ছড়াচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে এমন ঘটনাতেই—এটাই যেন এবারের অ্যাশেজের বাস্তব চিত্র।