বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

নতুন বছরে নেইমারের জন্য সুখবর


প্রকাশ :

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরেই স্বস্তির খবর পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বুধবার (৩১ ডিসেম্বর) নিজের শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন সম্পন্ন করেছেন তিনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন এই তারকা ফরোয়ার্ড।

সান্তোসে ফিরে আসার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে ২০২৫ সালে ছয় মাস করে দুই দফা চুক্তিতে খেলেছিলেন তিনি। সর্বশেষ এই চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্লাব সূত্রের বরাতে ‘গ্লোবো’ জানায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ১০ নম্বর জার্সিধারী নেইমারের নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সান্তোস। এই চুক্তির ফলে বর্তমান সভাপতি মার্সেলো তেইসেইরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্লাবটিতেই থাকছেন নেইমার।

এর আগে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল ৩১ ডিসেম্বর। ক্লাব পরিচালনা পর্ষদের ধারণা ছিল, আলোচনা শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে। শেষ পর্যন্ত ঠিক সেভাবেই চুক্তি সম্পন্ন হয়। সান্তোসে নেইমার বর্তমানে প্রতি মাসে চার থেকে পাঁচজন সাধারণ মানের খেলোয়াড়ের সমান বেতন পাচ্ছেন।

খেলোয়াড়ি চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ স্বত্ব নিয়েও আলাদা সমঝোতা রয়েছে। তার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে করা ওই চুক্তির আর্থিক মূল্য ৮ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা আগামী বছরের শেষ নাগাদ পরিশোধ করার কথা সান্তোসের।

সদ্য সমাপ্ত মৌসুমে নেইমারের অবদানে ব্রাজিলিয়ান শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে সক্ষম হয় সান্তোস। এমনকি দলের ভবিষ্যৎ নিশ্চিত করতে শেষ তিন ম্যাচে চোট নিয়েও মাঠে নামার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান তারকা।