চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে লিওনেল মেসির তিন দিনের ভারত সফর। সফরের প্রথম দিন কলকাতার সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটে।
হাজারো টাকা খরচ করে মাঠে এসেও গ্যালারির দর্শকরা মেসির দেখা পাননি। অভিযোগ উঠেছে, মেসিকে ঘিরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের ভিড় এবং সমন্বয়হীন ব্যবস্থাপনাই এই বিশৃঙ্খলার মূল কারণ। ঘটনার পর মেসিকে ভারতে আনার অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ আটক করে।
শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতায় উৎসবমুখর পরিবেশ হঠাৎ গণ্ডগলে রূপ নেওয়ায় তদন্ত কমিটি গঠন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, মেসিকে কেন্দ্র করে দুই মন্ত্রীর মধ্যে সমন্বয়হীনতা এবং নিয়ন্ত্রণহীন ভিআইপি সংস্কৃতিই পরিস্থিতি আরও জটিল করে তোলে।